ঢাকাফেরত পোশাককর্মী দম্পতির করোনা

বাগেরহাটের চিতলমারীতে ঢাকাফেরত এক পোশাককর্মী দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান এ তথ্য জানান। পরে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ উপজেলার চরচিংগুড়ি গ্রামের ওই বাড়িটিসহ আশপাশের ১১টি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেয়। মামুন হাসান বলেন, আক্রান্ত ওই দম্পতির শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকায় বাড়িতে রেখেই তাদের চিকিৎসা দেওয়া হবে। এছাড়া তাদের সংস্পর্শ আসা পরিবারের শিশুসহ ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই দম্পতির বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত পোশাককর্মী ওই দম্পতি গত ৯ মে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। পরদিন সেখানকার প্রতিবেশীরা বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানালে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। রিপোর্ট আসার আগেই সোমবার বিকেলে তারা চিতলমারীতে চলে আসেন। ১১ মে এ দম্পতির শরীরে করোনা পজিটিভ হয়।