এই জুলাইয়ে ইংল্যান্ড সফরের কথা পাকিস্তানের। ৩০ জুলাই থেকে শুরু হওয়া সিরিজে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টির সূচি ছিল দু’দলের। কিন্তু যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির কারণে সফরটি এখন অনিশ্চিত হয়ে গেছে। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ঘোষণা মতে জুলাইয়েই খেলা মাঠে গড়ানোর একটা সম্ভাবনা আছে। তবুও এখনই সফরটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে রাজি নয় পাকিস্তান। জুলাইয়ে সম্ভব না হলে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে রাজি আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জুলাইয়ে ইংল্যান্ডে খেলা মাঠে ফিরলেও তা হবে দর্শকহীন গ্যালারিতে। এতে কোনো সমস্যা নেই পাকিস্তানের। তারা খেলতে পারলেই খুশি। কিন্তু ইংল্যান্ডের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত সফর নিয়ে ভাববে না পাকিস্তান। পিসিবির সিইও ওয়াসিম খান জানান, ‘ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের কাছে সবার আগে। আমরা অবশ্যই ইংল্যান্ড সফরে যেতে আগ্রহী। আমরা চাই এই সিরিজটি মাঠে গড়াক, কারণ সিরিজটি বেশ রোমাঞ্চকর হবে। কিন্তু ইংল্যান্ডের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সেখানে যাচ্ছি না। তাদের অবস্থা এখনো নাজুক। আমরা সিরিজটি নিয়ে ওদের পরিকল্পনা আগে জানতে চাইব। তারপর আমরা আরও কিছুদিন সময় নেব, চটজলদি কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। আমরা আরও কয়েক সপ্তাহ পরিস্থিতি পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেব।’ সামনের শুক্রবার দুই বোর্ডের কর্মকর্তা ও কোচরা মিলে এই সিরিজের ব্যাপারে আলোচনা করবেন। তাতে পরিবেশবান্ধব স্টেডিয়ামে খেলা হওয়া, হোটেলে স্বাস্থ্য নিরাপত্তা, ইংল্যান্ডে বিমান যাতায়াত ব্যবস্থার বর্তমান পরিস্থিতি এসব নিয়ে আলোচনা হবে। ইন্টারনেট।