আগামী ৩ জুলাই আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামার কথা ছিল সালমা-জাহানারাদের। শ্রীলঙ্কায় নির্ধারিত এই বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার কথা ছিল তিন দলের। বাংলাদেশসহ ১০ দলের লড়াইয়ে তাই চোখ ছিল সবার। কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাবে আপাতত বিশ্বকাপ বাছাইপর্ব পিছিয়ে দেওয়া হয়েছে। ৮ দলের বিশ্বকাপে এর মধ্যেই স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার জায়গা পাকা। বাকি তিনটি স্থানের জন্য বাংলাদেশকে লড়তে হতো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ১৯ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এই বাছাইপর্ব। কিন্তু আজ এই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্বও স্থগিত করা হয়েছে। এই আসরের ইউরোপ অঞ্চলের পর্ব ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ডেনমার্কে আপাতত সেটা আয়োজন করার কোনো সুযোগ নেই।
আইসিসি টুর্নামেন্ট আয়োজনের চেয়ে খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তিত। এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছেন আইসিসি টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি, ‘এই কঠিন সময়ে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সমর্থক ও পুরো ক্রিকেট বিশ্বের সবার স্বাস্থ্য আমাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে এবং আমরা সঠিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেব।’