সিলেট ছাগল উন্নয়ন খামারে প্রজননের জন্য পালিত একটি উন্নতমানের পাঁঠা ফাও না দেওয়ায় প্রাণিসম্পদ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, সিলেট জজ কোর্টের এপিপি রণজিত সরকারসহ ১০ জনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে গত সোমবার রাতে শাহপরান থানায় এই মামলা করেছেন। মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা নামধারী কনক পাল অরূপকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার অন্য আসামিরা হলেন, রাহুল চৌধুরী, অপু তালুকদার, মিঠু তালুকদার, আকাশ, সাহেদ, সৌরভ দাস, রুহেল ও শামীম।
এজাহারে বলা হয়েছে, গত সোমবার বিকেলে নগরীর টিলাগড়ে অবস্থিত ছাগল উন্নয়ন খামারে কয়েক যুবককে পাঠান অ্যাডভোকেট রণজিত সরকার। যুবকরা খামারে প্রজননের জন্য রাখা একটি পাঁঠা ফ্রি দেওয়ার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলামকে বলে। তিনি পাঁঠা দিতে রাজি না হলে যুবকরা গালিগালাজ করে চলে যায়। এর কিছুক্ষণ পর দলবল নিয়ে রণজিত সরকার সেখানে গিয়ে কর্মকর্তাদের ওপর চড়াও হন। তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের ওপর হামলা চালিয়ে তাকে আহত করা হয়। অন্য কর্মকর্তা-কর্মচারীদেরও লাঞ্ছিত করা হয়।
হামলায় আহত কাজী আশরাফকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রাতেই তিনি বাসায় ফেরেন।
শাহপরান থানার ওসি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।