জিলিন নিয়ে যন্ত্রণায় চীন, নতুন আক্রান্ত ৭

হুবেইয়ের পর উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশ নিয়ে এবার বিপদে আছে চীন। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, সেখানে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

হুবেই প্রদেশের উহান যেমন চীনের ‘দুঃখে’র কারণ হয়ে দাঁড়িয়েছিল, তেমনি এই জিলিনের শুলান নগর দেশটিকে বিপদে ফেলছে। অধিকাংশ নতুন রোগী সেখানকারই।

চীনা ডেইলি জানিয়েছে, শুলানে ট্রেনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ করা হয়েছে। গণহারে টেস্টের প্রস্তুতি নেয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জিলিনে এখন পর্যন্ত ১১৪ জন আক্রান্ত হয়েছেন। ৯২ জন সুস্থ হলেও একজন মারা গেছেন।

চীন সরকারের দাবি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন রোগে তাদের দেশে কেউ মারা যাননি। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন।

বুধবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৮২ হাজার ৯২৬ জন। এর মধ্যে বিভিন্ন অঞ্চলে ১০৪ জন চিকিৎসা নিচ্ছেন, যাদের দশজনের অবস্থা গুরুতর। বাকিরা সুস্থ। চীনে সব মিলিয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন এই রোগটিতে গোটা পৃথিবীতে ৪২ লাখ ৫৯ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯১ হাজার ৮৪৩ জন।