করোনাভাইরাস বৃদ্ধদের জন্য ঝুঁকির কারণ হলেও সেসবের নাগপাশ কাটিয়ে সুস্থ হয়ে সবাইকে অবাক করে দিয়েছেন মারিয়া ব্রানিয়াস। ১১৩ বছর বয়সী নারীকে স্পেনের ‘সবচেয়ে বয়স্ক’ নারী হিসেবে ধরা হয় বলে জানিয়েছে বিবিসি।
করোনায় প্রাদুর্ভাবের কারণে মার্চে স্পেনে লকডাউন জারি করার পর কভিড-১৯ এ আক্রান্ত হন ব্রানিয়াস। কয়েক সপ্তাহ আইসোলেশনে থাকার পর বর্তমানে হালকা কিছু সমস্যা ছাড়া অনেকটাই সুস্থ তিনি।
দীর্ঘ জীবনে অনেকগুলো প্রাণঘাতী সংকট দেখেলেন ব্রানিয়াস। ১৯১৯-১৯ সালে ফ্লু, ওই সময়ে প্রথম বিশ্বযুদ্ধ, ১৯৩৬-৩৯ সালে স্পেনে গৃহযুদ্ধ, ১৯৩৯-৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবার কনোরাভাইরাস মহামারি দেখলেন তিনি।
ব্রানিয়াসের সুস্থতা নিয়ে টুইট করেছেন তার মেয়ে। তাতে লিখেছেন, “এখন তিনি ভালো আছেন, অনেক ভালো আছেন। এখন তিনি কথা বলতে, কোনো কিছু স্পষ্টভাবে বোঝাতে, প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করেন।”
ব্রানিয়াসের জন্ম ১৯০৭ সালে মেক্সিকোতে। জন্মের দু’বছর পরই চলে আসেন সান ফ্রান্সিসকোতে। এরপর প্রথম বিশ্ব যুদ্ধের সময় তার স্প্যানিশ সাংবাদিক বাবার সঙ্গে চলে আসেন স্পেনের জিরোনার কাতালানে।
১১৩ বছর বয়সী ব্রানিয়াসের তিন সন্তান। এদের মধ্যে একজনের বয়স সম্প্রতি ৮৬ তে পড়েছে। তার ১১ নাতি-নাতনির মধ্যে সবার বড় জনের বয়স ৬০ বছর। ব্রানিয়াসের নাতি-নাতনিদের সন্তান ১৩ জন।
করোনায় আক্রান্ত ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। আক্রান্তের তালিকায় অনেক দিন ধরেই দ্বিতীয়স্থানে ছিল তারা। রাশিয়ার উল্লম্ফনে ২ লাখ ২৮ হাজার আক্রান্ত নিয়ে বর্তমানে তৃতীয়স্থানে আছে স্পেন।
সাতাশ হাজার ছুঁই ছুঁই মৃত্যু নিয়ে এই তালিকায় পঞ্চমস্থানে আছে দেশটি। মৃতদের অধিকাংশই বৃদ্ধ।