যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রকোপ এখনও তেমন না কমায় আগামী মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি খেলা শুরুর বিরুদ্ধে মত দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন ধীরে ধীরে উঠিয়ে নেওয়ার পথে হাঁটছে যুক্তরাজ্য। এ ব্যাপারে ৫০ পৃষ্ঠার গাইডলাইন প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তাতে জুনের শুরু থেকে দর্শকশূন্য মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো শুরুর নির্দেশনা রয়েছে।
যুক্তরাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ছুঁই ছুঁই। আর ৩২ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি। প্রতিদিনই প্রাণঘাতী এই মৃত্যু হচ্ছে অন্তত শতাধিক মানুষের। এ কারণেই জুনে লিগ শুরুর বিরুদ্ধে পাকিস্তান বংশোদ্ভূত লন্ডনের মেয়র সাদিক খান।
এ ব্যাপারে মেয়র অফিসের এক মুখপাত্র ইভিনিং স্ট্যান্ডার্ডকে বলেন, “সাধারণত, প্রিমিয়ার লিগ ও পেশাদারি খেলাগুলো শুরু নিয়ে সাদিকও উদ্গ্রীব হয়ে আছেন।”
“কিন্তু দেশ এখনো সংকটের মধ্যেই আছে। প্রতিদিনই শত শত মানুষ মরছে। তার বিশ্বাস, রাজধানীতে প্রিমিয়ার লিগ ও অন্যান্য শীর্ষ পর্যায়ের খেলাগুলো শুরু করার আলোচনা বেশি আগেভাগে হয়ে যাচ্ছে।”
আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পারসহ ইংলিশ প্রিমিয়ার লিগের পাঁচটির ক্লাব অবস্থান লন্ডনে। আর মেয়র সাদিক নিজে এবারের মৌসুমের পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল লিভারপুলের সমর্থক।
সূত্রটি বলেন, “লিভারপুলের সমর্থক হিসেবে সাদিক নিজেও চান প্রিমিয়ার লিগ ফিরুক। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেই এটা সম্ভব। খেলা যাতে ন্যাশনাল হেলথ সার্ভিস কর্মী ও অন্যান্য জরুরি সেবাগুলোর ওপর বাড়তি চাপ না তৈরি করে।”
উল্লেখ্য, তিরিশ বছরের বেশি সময় পর এবার লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে লিভারপুল। লিগের বাকি নয়টি ম্যাচে ৬ পয়েন্ট পেলেই শিরোপা হয়ের উৎসবে মাতবে ইয়ুর্গেন ক্লপের দল।