কক্সবাজারের উখিয়ায় আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের চারজন। তারা উখিয়ার রত্নাপালং ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অপরজন একটি এনজিও সংস্থার কর্মচারী।
স্থানীয়রা বলেছেন, এনজিওর লোকজনের কারণে করোনার ঝুঁকিতে উখিয়ার মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এনজিওকর্মীরা। এই বিষয়ে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। প্রতিদিন শতশত গাড়ি উখিয়ার রোহিঙ্গা শিবিরে ঢুকছে।
তারা আরও বলেন, ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া বলেন, বুধবার দশজন করোনা পজিটিভ পাওয়া গেছে। উখিয়ায় পাঁচজন, চকরিয়ায় তিনজন। দুইজন নতুন। অপরজন পুরাতন। কক্সবাজার সদরের দুইজন।
জানা গেছে চকরিয়া ৩৬জন, কক্সবাজার সদর ২৬, পেকুয়া ২০, মহেশখালী ১২, উখিয়া ১৪, টেকনাফ ৭ রামুতে ৪ জন করোনা রোগী রয়েছে।
এ ব্যাপারে উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বড়ুয়া বলেন, একই পরিবারের চারজনসহ পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন।