সিরাজগঞ্জে প্রণোদনার দাবিতে কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

সিরাজগঞ্জে ৩ শতাধিক কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারী করোনার কারণে স্কুল বন্ধ থাকাকালীন সময়ে ৭ হাজার টাকা মাসিক ভাতা প্রণোদনার দাবিতে মানববন্ধন করেছেন।

বুধবার সকালে বাজার স্টেশন এলাকায় পুলিশি বাঁধার মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত ভাবে তারা কর্মসূচি পালন করেছেন।

এ মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আহ্বায়ক  বরকত উল্লাহ বলেন, করোনার কারণে প্রায় ২ মাস ধরে জেলার ৯ উপজেলার প্রায় ৭০০ কিন্ডারগার্টেন বন্ধ রয়েছে। এতে প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। কিন্ডারগার্টেনের মালিকরাও অর্থসংকটে পড়ে শিক্ষক-কর্মচারীদের বেতন, বাড়িভাড়া, বিদ্যুৎ বিল দিতে পারছেন না। শিক্ষার্থীদের বেতনের উপর ভরসা করেই এ সব প্রতিষ্ঠান চলে।

দুই মাস ধরে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছে থেকে বেতন আদায় করা সম্ভব হচ্ছে না। ফলে গত ২ মাস ধরে কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীরা বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। তাই স্কুল বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষক-কর্মচারীদের মাসিক ৭ হাজার টাকা বেতন, রেশনের ব্যবস্থা, স্কুল ভবনের ভাড়া মওকুফ ও স্বল্পসুদে ঋণ প্রদানের দাবিতে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীরা পূর্ব অনুমতি না নিয়েই এ ধরনের কর্মসূচির আয়োজন করায় তাদের মানববন্ধন করতে বাঁধা দেওয়া হয়।