হাসপাতালে নেওয়ার পথেই মারা গেল করোনা আক্রান্ত রোগী

করোনাভাইরাসে আক্রান্ত  চট্টগ্রামের পটিয়া উপজেলার এক বাসিন্দার মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফৌজদারহাটের ফিল্ড হাসপাতাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ৫৮ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির বাড়ি পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামে। তিনি নগরীর চাক্তাইয়ে চালের আড়তে চাকরি করতেন জানা গেছে। 

মারা যাওয়া ওই ব্যক্তির মেয়ে জানান, গত ১১ মে তার বাবার কভিড-১৯ শনাক্ত হয়। এর এক সপ্তাহ আগে থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। এছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক ছিল। করোনা শনাক্তের পর ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বুধবার দুপুরের পর শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাকে জেনারেল হাসপাতালে পাঠানোর জন্য ছাড়পত্র দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করে জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এদিকে, বিষয়টি নিশ্চিত করে পটিয়ার ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, কোলাগাঁও ইউনিয়নের করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছে জানতে পেরেছি। ওনার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। মরদেহ গ্রামেই সৎকার করা হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানেই সৎকার কার্য সম্পন্ন হবে। 

এর আগে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতালগঞ্জের ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়।  এই পর্যন্ত চট্টগ্রামে কভিড-১৯ আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে।