চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৯৫ জনের করোনা ‘পজেটিভ’

ফৌজদারহাটের বিআইটিআইডি, চমেক ও সিভাসু তিন ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় পুলিশ সদস্যসহ একদিনে সর্বোচ্চ ৯৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে বুধবার সকালে মারা যাওয়া ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতারও করোনা রির্পোট পজেটিভ এসেছে।

বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তিনি বলেন,   বুধবার বিআইটিআইডিতে ২৩১ টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৩৮ জন, রাঙ্গামাটির ৪ জন ও ফেনীর ৭ জন। 

চট্টগ্রাম জেলার ৩৮ জনের মধ্যে নগরীর ৩৩ জন এবং বাকি ৫ জন চন্দনাইশ, পটিয়া, রাউজান উপজেলার একজন করে এবং সাতকানিয়া উপজেলার দুইজন আছেন। 

নগরীর ৩৩ জনের মধ্যে চট্টগ্রামের সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীসহ ১৩ পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে নগরীর সদরঘাট থানারই আটজন করোনা সংক্রমিত হয়েছে। 

এছাড়া, বুধবার সকালে মারা যাওয়া ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদের (৫০) করোনা ‘পজেটিভ’ শনাক্ত হয়েছে। করোনা প্রার্দুভাবের কারণে স্থগিত হয়ে যাওয়া সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন হোসেন মুরাদ ।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান জানান, রাতে বিআইটিআইডি’তে থেকে জানানো হয়েছে হোসেন মুরাদের করোনা পজেটিভ এসেছে। দুপুরের নামাজের পর জানাজা শেষে মুন্সিপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনেই তাকে দাফন করা হয়। 

এদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৪৬ টি নমুনা পরীক্ষা করে ২০টিতে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এর মধ্যে বাঁশখালী উপজেলারই ১২ জনের কভিড-১৯ সংক্রমিত হয়েছে। অন্য ৮ জন চট্টগ্রামের বাইরের জেলার বাসিন্দা। 

অপরদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ৯০ টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনাভাইরাস ‘পজেটিভ’ আসে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন। 

তিনি জানান, এদের সবাই চট্টগ্রাম জেলার। এর মধ্যে নগরীর ৪১ জন ও বিভিন্ন উপজেলার ৪ জন রয়েছে।
বুধবারে ৯৫ জনসহ চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১২ জনে। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মারা গেছে ২৭ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ জন।