করোনাভাইরাসের প্রতিষেধক মেলেনি এখনো। তবু জীবনযাত্রা থেমে থাকবে না। জরুরি কাজের প্রয়োজনে বাইরে বের হতে হবে। এখন যে সাবধানতা মেনে চলতে হচ্ছে প্রতিষেধক না মেলা পর্যন্ত এটি কঠিনভাবে অনুসরণ করতে হবে। এ ছাড়া বদলাবে অনেক কিছুই। সচেতনতা মেনে কীভাবে জীবন যাপন করবেন তা নিয়ে রইল কিছু পরামর্শ
বাইরের খাবার
ইচ্ছে হলেই রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ার ইচ্ছা দমন করতে হবে আরও কয়েক মাস। সেখানকার খাবার কী কী উপাদান দিয়ে বানানো হচ্ছে, সেগুলো কোথা থেকে আসছে এ সব বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই বলেই এ সাবধানতা জরুরি।
মোবাইল
অবশ্যই বাড়ি ফিরে মোবাইল সাবান পানি বা অ্যান্টিসেপটিক লোশনে তুলো ভিজিয়ে মুছে নিন। মোবাইলে লেগে থাকা জীবাণু থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। বাইরে জরুরি দরকার ছাড়া ফোন পকেট বা ব্যাগ থেকে বের করবেন না।
ব্যাগ
বাজারের ব্যাগ, অফিসের ব্যাগ বাড়িতে ফিরে সাবান পানি বা জীবাণুনাশক মেশানো পানি দিয়ে মুছে নেবেন। বাজারের ব্যাগ অবশ্যই কেচে নেবেন।
গাড়ি
ব্যক্তিগত গাড়ি নিয়ে বাইরে বের হলে অবশ্যই নিয়মিত সেটি ধুতে হবে এবং জীবাণুনাশক স্প্রে করতে হবে।
গহনা
অন্তত কিছুদিন হাতে ঘড়ি, আংটি পরার অভ্যাস বাদ দিন। এগুলো থেকেও সংক্রমণ ছড়াতে পারে। এগুলো পরলে নিয়মিত হাত ধুতেও সমস্যা হয়।
মাস্ক
অবশ্যই ব্যাগে বাড়তি মাস্ক রাখুন। কোনো কারণে পরিহিত মাস্ক নষ্ট হলে যেন অন্যটি ব্যবহার করা যায়।