ঈদুল ফিতর উপলক্ষে যেন লকডাউন শিথিল না করা হয় সেই আরজি জানিয়েছে পশ্চিমবঙ্গের মুসলমানদের একটি সংগঠন।
সংবাদ প্রতিদিন জানায়, ইমামদের সংগঠনের মতোই ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর আরজি জানাল ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে বলা হয়েছে, উৎসব পালন করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষতি হোক সেটা মুসলিম সমাজ কেন কোনো সমাজই মানতে পারবে না। সেই কারণেই ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর জন্য আবেদন রেখেছেন সংস্থার সদস্যরা।
চারদিন আগেই এই চিঠি লেখা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন ন্যাশনাল চিফ সেক্রেটারি আজিজ উসমানি। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এমনটাও বলা হয়েছে, মুসলিম সমাজ আপনার পাশে আছে।
রাজ্যের ইমামদের সংগঠন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একইভাবে চিঠি লিখে মমতাকে ৩০ তারিখ পর্যন্ত লকডাউন বাড়ানোর প্রস্তাব রাখা হয়। বলা হয়েছি, ‘ঈদ পালন করা হবে ঘরে বসেই। মানুষ আগে বাঁচুক, পরে উৎসব। আমরা এত ত্যাগ করেছি, আরও করব। আমাদের উৎসবের দরকার নেই।’
কেন্দ্র লকডাউন তুললেও রাজ্য চালিয়ে যাক, পরামর্শ ও আবেদন করেছেন ইমামরা। তেমনই আবেদন সমাজকল্যাণমূলক সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। এমনকি কেন্দ্র যাতে শিথিল করার রাস্তায় না হাঁটে সে ব্যাপারে কেন্দ্রের কাছে দাবি তুলতেও মুখ্যমন্ত্রীকে চিঠিতে বলেছেন তারা।