কার্ডবোর্ড-দেয়াল খুঁটে ‘খেয়েছেন’ বালোতেল্লি

করোনা কালের এই সময়টা কারই বা ভালো লাগছে। একদিকে মৃত্যুর মিছিল, অন্যদিকে বাইরে বের হলেই আক্রান্ত হওয়ার শঙ্কা। বিশ্বজুড়ে সবার একইরকম আতঙ্কে দিন কাটছে। তবে ইতালিয়ান ফুটবলার মারিও বালোতেল্লির অবস্থাটা বোধ হয় একটু বেশিই করুণ। তারকা এই ফুটবলারকে করোনা লকডাউনের প্রথম দিকে কার্ডবোর্ড- দেয়াল খুঁটেও খেতে হয়েছে!

সতীর্থ আলেসান্দ্রো মাত্রির সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় যুক্ত হয়েছিলেন বালোতেল্লি। সেখানেই নিজের এই কঠিন সময়ের কথা বলেছেন ব্রেসিয়া স্ট্রাইকার।

করোনায় ইতালিতে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছিল। মার্চ থেকেই দেশটিতে বন্ধ হয়ে যায় ফুটবল। পরিবার অন্য শহরে থাকলেও ব্রেসিয়াতে আটকা পড়ে যান বালোতেল্লি। লকডাউনে একাকী জীবন তার অসহনীয় হয়ে ওঠে।

বালোতেল্লির মুখেই শুনুন সেই কষ্টের দিনগুলোর কথা, ‘আমি শেষ কয়েক সপ্তাহ পাগল হয়ে যাচ্ছিলাম। কারণ আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম।’

‘মূলত কার্ডবোর্ড খাওয়ার চেষ্টা করেছি। প্রথম তিন দিন দেয়াল খুঁটে খাওয়ার চেষ্টা করেছি। কারণ আমি কোনো কিছু রান্না করতে পারি না। ভাগ্য ভালো, এরপর খাবার আনানোর ব্যবস্থা করতে পেরেছি।’

করোনার ধাক্কা সামলে ইতালিতে ফের ফুটবলার শুরুর প্রক্রিয়া চলছে। ১৩ জুন মাঠে ফেরার কথা সিরি এ। তবে দীর্ঘ সময় পর মাঠে ফিরে কতটা চেনা ছন্দে ধরা দিতে পারবেন সেনিয়ে চিন্তায় আছেন এই তারকা।