পৃথিবীর বৃহৎ-রেইন ফরেস্ট আমাজন থেকে পরবর্তী মহামারী সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাজিলের শীর্ষস্থানীয় ইকোলজিস্ট ডেভিড লাপোলা।
লাপোলা মনে করেন, বন্যপ্রাণীর ওপর মানুষের দখলদারির যে অভ্যাস সেটির কারণে পরবর্তী বিপদ সৃষ্টি হতে পারে।
এএফপির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাজন ভাইরাসের বিশাল আধার।’
মানুষের জীবনযাত্রা ইকোসিস্টেমের ওপর কীভাবে প্রভাব ফেলে ৩৮ বছর বয়সী লাপোলা সেটি নিয়ে গবেষণা করেন।
ব্রাজিলের আমাজন এখনই করোনায় নাকাল। বনের মাঝে অবস্থিত সবচেয়ে বড় শহর মানাউশে কিছুদিন হল হানা দিয়েছে কভিড-১৯। সেখানে মৃত্যুর সঙ্গে লড়ে চলা শহর কর্তৃপক্ষকে খুঁড়তে হচ্ছে গণকবর।
গহীন আমাজনে খনি শ্রমিকদের অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এই ভাইরাস আদিবাসীদের মধ্যে ছড়িয়েছে বলে জানিয়েছে দ্য সোসিও এনভায়রনমেন্টাল ইন্সটিটিউট (আইএসএ)।
আমাজন বন এমনিতে অনেক দিন ধরে হুমকিতে। সম্প্রতি দাবানলে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর অবৈধভাবে বন উজাড় তো পুরনো কাহিনী।
আমাজন এত বড় এবং গুরুত্বপূর্ণ একটা জঙ্গল যে, এর একাংশ নষ্ট হয়ে গেলে পৃথিবীর জলবায়ুতে স্থায়ী পরিবর্তন চলে আসবে। বাকি অংশটুকুকে কিছুতেই রক্ষা করা যাবে না। প্রাণীদের ক্ষতি হলে স্বাভাবিকভাবে বন উজাড় হবে। তাতে বৃষ্টি কমে যাবে, গরম আরও বাড়বে, গাছপালা আরও নষ্ট হবে, বৃষ্টি আরও কম হবে।