বাবা-মায়ের ঝগড়া, অভিমানে মেয়ের আত্মহত্যা

পটুয়াখালীর বাউফল উপজেলায় মা-বাবার সাথে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে জেরিন আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের জাকির হোসেনের মেয়ে জেরিন নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেরিনের মা-বাবার মধ্যে প্রায়ই এই ঝগড়া হতো। এ গুলো তার কাছে অসহ্য মনে হতো। ঘটনার দিন সন্ধ্যায় জেরিনের বাবার সাথে মায়ের ঝগড়া হলে এ নিয়ে তিনি প্রতিবাদ করেন।

এক পর্যায়ে বাবা-মায়ের সাথে অভিমান করে নিজ ঘরের শিলিং ফ্যানের সাথে রশি বেঁধে সে আত্মহত্যা করে।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জেরিনের বাবা মায়ের কোন অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।