প্রগতির নতুন যাত্রা

সারা বিশ্বের বামপন্থি বুদ্ধিজীবী, অ্যাকটিভিস্ট ও রাজনীতিবিদদের নিয়ে নতুন একটি আন্তর্জাতিক সংস্থা যাত্রা শুরু করেছে। গত সোমবার প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল (পিআই) নামে যাত্রা শুরু করা এ সংস্থাটির সঙ্গে রয়েছেন নোয়াম চমস্কির মতো সুপরিচিত বুদ্ধিজীবারা। এর প্রথম সম্মেলন আগামী সেপ্টেম্বরে আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকে অনুষ্ঠিত হবে। লাতিন আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম তেলেসুর জানিয়েছে, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী এবং লেফট-গ্রিন মুভমেন্ট এই সম্মেলনে আয়োজকের ভূমিকা পালন করবে।

২০১৮ সালের ডিসেম্বরে ডেমোক্রেসি ইন ইউরোপ মুভমেন্ট ২০২৫ এবং স্যান্ডার্স ইনস্টিটিউট বিশ্বের প্রগতিশীল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। আর তা থেকেই জন্ম নেয় প্রগ্রেসিভ ইন্টারন্যাশনালের (পিআই) ধারণা। গত সোমবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। যাত্রার শুরুতে করোনাভাইরাসের মহামারী পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পিআইর সাধারণ সমন্বয়ক ডেভিড অ্যাডলার বলেন, ‘আগে কখনো আন্তর্জাতিক সংহতির এতটার প্রয়োজন পড়েনি আর অনুপস্থিতও থাকেনি।’ তিনি বলেন, ‘শুধু একটি সাধারণ ইন্টারন্যাশনাল ফ্রন্টই আমাদের সংকটের পরিমাণ বুঝতে পারে। প্রতিষ্ঠানগুলোর ওপর অধিকার ফিরে পাওয়ার দাবি তুলতে পারে আর ক্রমবর্ধমান কর্র্তৃত্ববাদী জাতীয়তাবাদকে পরাজিত করতে পারে।’

গত সোমবার ডেমোক্রেসি ইন ইউরোপ মুভমেন্ট ২০২৫ এবং স্যান্ডার্স ইনস্টিটিউটের সমর্থন নিয়ে যাত্রা শুরু করা পিআই ৪০ সদস্যের একটি অন্তর্বর্তী উপদেষ্টা কাউন্সিল গঠন করেছে। এতে রয়েছেন খ্যাতনামা যুক্তরাষ্ট্রের বুদ্ধিজীবী নোয়াম চমস্কি, লেখক নাওমি ক্লেইন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন ইয়াকভসডটার, গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস, বাম-ঘরানার রাজনীতিক হিসেবে পরিচিত ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরায়া, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো হাড্ডাড, বলিভিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা, ব্রাজিলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেলসো আমোরিমসহ আরও অনেকে।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নোয়াম চমস্কি জানান, করোনা মহামারীর কারণে গভীর হতে থাকা অর্থনৈতিক বৈষম্য এবং উগ্র ডানপন্থার উত্থানের কারণেই পিআইর যাত্রা শুরু জরুরি হয়ে ওঠে। একদিকে যেমন স্বৈরতান্ত্রিক নিওলিবারেলিজম দাঁড়িয়ে আছে তেমনি অন্যদিকে আছে কাঠামোগুলো ভেঙে দেওয়ার চেষ্টা। এসব প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হয়েছিল; কিন্তু এগুলোই বিশ্বের বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি বয়ে নিয়ে এসেছে আর সেগুলোই এ মহামারীর উৎস।’ অ্যাডলার বলেন, ‘কভিড-১৯-পরবর্তী বিশ্বকে উদ্ধারে প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল তার সদস্যদের হাত ধরেই শক্তিশালী হবে। আমাদের দরকার প্রগতিশীল শক্তিগুলোকে নিয়ে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা।’