বরিশালে ৭ পুলিশ সদস্যসহ ১০ জন করোনা আক্রান্ত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক উপ-সহকারী পুলিশ পরিদর্শক, ছয়জন কনস্টেবল এবং এক পুলিশ কনস্টেবলের পরিবারের তিনজনসহ মোট ১০জন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, পুলিশ সদস্যদের মধ্যে একজন উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই), ছয়জন কনস্টেবল রয়েছেন। এছাড়া বাকি তিনজন এক পুলিশ কনস্টেবলের পরিবারের সদস্য।

এ নিয়ে গত তিন দিনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোট ১১ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছে। এরা সবাই বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি নর্থ অফিসে কর্মরত।

ওই অফিসের একজন গাড়ি চালকের প্রথম করোনা শনাক্ত হয়। এ কারণে ওই গাড়ি চালকের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ৪৯ জনের নমুনা সংগ্রহ করে গত বুধবার পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার রাতে এদের মধ্য থেকে ১০ জনের করোনা পজিটিভ আসে।

বিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘কয়েকদিন আগে আমার গাড়ি চালক করোনায় আক্রান্ত হয়। এরপরই আমরা হোম কোয়ারেন্টাইনে চলে আসি।’

তিনি বলেন, গত বুধবার গাড়ি চালকের সংস্পর্শে থাকা পুলিশ সদস্য ও পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারা সবাই চিকিৎসকের পরামর্শে আছেন।