‘মাদকাসক্ত হয়ে পিটুনি খেয়ে’ হাসপাতালে আর্সেনাল কিংবদন্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইংল্যান্ড ফুটবল ও আর্সেনালের সাবেক তারকা ফুটবলার কেনি স্যানসম। কিংবদন্তি এই ডিফেন্ডার কী রোগে ভুগছেন এ ব্যাপারে কিছু জানা না গেলেও মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, মাদকাসক্ত হয়ে পিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্যানসম; অবস্থা সংকটাপন্ন।

৬১ বছর বয়সী সাবেক এই ফুটবলারের টুইটার থেকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যানসমের ভালো চিকিৎসা হচ্ছে। সে কভিড-১৯ এ আক্রান্ত নয়। তার ও তার পরিবারের সম্মানে এ ব্যাপারে গোপনীয়তা রক্ষার জন্য সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্যানসম ইংল্যান্ডের হয়ে ১৯৮২ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ খেলেছেন। ক্লাব ফুটবলে তার অভিষেক হয় ১৯৭৫ সালে, ষোলো বছর বয়সে। এরপর আর্সেনালের কাটান দীর্ঘ সময়। খেলেছেন নিউক্যাসল ও কুইন্স পার্ক র‍্যাঞ্জার্স ও কভেন্ট্রির হয়েও।

১৯৮৭ সালে আর্সেনালকে লিগ কাপ জেতানো দলের অধিনায়ক ছিলেন স্যানসম। টানা আটবার হন ইংল্যান্ডের শীর্ষ লিগর বর্ষসেরা ফুটবলার!

নব্বইয়ের দশকের মাঝামাঝিতে খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হওয়ার পর থেকেই নেশা ও জুয়ায় মগ্ন হয়ে যান স্যানসম। অনেক চেষ্টা করেও নেশার জগৎ থেকে বের হতে পারেননি। এর কারণে সংসারও ধরে রাখতে পারেননি তিনি। একটা পর্যায়ে সামাজিকভাবে বিচ্ছিন্ন ও হতাশায় ভেঙে পড়েন স্যানসম।

জুয়া ও নেশার ব্যাপারটি আত্মজীবনীতেও লিখেছেন স্যানসম। কিন্তু বদ অভ্যাস দুটি ছাড়তে পারেননি। ২০১৩ সালে এক ছবিতে দেখা গিয়েছিল, পার্কে একটি বেঞ্চে খুব বাজেভাবে ঘুমাচ্ছিলেন তিনি। একটি টিভি শো’তে স্যানসম বলেছিলেন, চেষ্টা চালিয়েছিলেন আত্মহত্যারও। কিন্তু সাহসে পেরে ওঠেননি।