সোনাগাজীতে ছাত্রলীগ নেতা হত্যাচেষ্টায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সোনাগাজীতে ছাত্রলীগ নেতা শাকিল খানকে গলা কেটে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মহি উদ্দিন মহিমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেলে তাকে ফেনী শহরের ট্রাংক রোড় থেকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ রাতে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করেন। মহিম স্থানীয় রাজনীতিতে যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

তিনি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের ছেলে।

গত ২০ এপ্রিল রাতে নবাবপুর ইউনিয়নের বন্দর মার্কেট এলাকায় উপজেলা যুবলীগের সহসভাপতি ওমর ফারক রুবেলের সমর্থকদের সাথে মহি উদ্দিন মহিমের সমর্থকদের সংঘর্ষ হয়।

ঘটনা শুনে ৩ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ইব্রাহিম খান শাকিল রুবেলের পক্ষ হয়ে নাজিরপুর থেকে বন্দর মার্কেট এলাকায় গিয় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের সমর্থকরা শাকিলকে গলা কেটে হত্যার চেষ্টা করে।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।ওই ঘটনায় শাকিল বাদী হয়ে যুবলীগ নেতা মহিউদ্দিন মহিমকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

যুবলীগ নেতা রুবেল জানান, মামলা ছাড়াও মহিমের বিরুদ্ধে এলাকায় একাধিক সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

তবে ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মহিমকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, মহিমকে শনিবার দুপুরে ফেনীর আদালতে প্রেরণ করা হয়েছে।