সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) দায়িত্ব পালনকারী পাঁচজন সিনিয়র নার্স ও একজন ওয়ার্ডবয় করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত তিন নার্সকে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যরা হোম আইসোলেশনে রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনিবার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়।
এদের মধ্যে রয়েছেন, ওসমানী হাসপাতালের পাঁচজন নার্স, একজন ওয়ার্ডবয়, সিলেট নগরীর আরও একজন, দক্ষিণ সুরমার পাঁচজন ও ওসমানীনগর উপজেলার একজন।
ওসমানী হাসপাতাল সূত্র জানায়, করোনা আক্রান্ত পাঁচ নার্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওসমানী হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মীর মাহবুব আলমের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।
মীর মাহবুব আলম লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। এছাড়া তার করোনা উপসর্গও ছিল। এজন্য তার চার দফা করোনা টেস্ট করা হয়। কিন্তু চারবারই করোনা নেগেটিভ আসে। গত ১২ মে তিনি মারা যান।
এরপর এই ইউনিটে দায়িত্ব পালনকারীদের নমুনা পরীক্ষা করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত মহাপাত্র জানান, ওসমানী হাসপাতালের করোনা আক্রান্ত তিনজন সেবিকাকে গত শুক্রবার রাতে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও তিনি জানান।