বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত বিদ্যুৎকর্মীর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত বিদ্যুৎকর্মী রাবিব হাসান (৩০) মারা গেছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভৈরব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারী লাইনম্যান রাবিবের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জে। তার বাবার নাম গোলাম মোস্তফা। বছর খানেক আগে তিনি এখানে বদলি হয়ে আসেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভৈরব সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, রাবিব গত বুধবার বিকেলে শহরের বাগান বাড়ি এলাকায় ত্রুটিযুক্ত বিদ্যুৎ সরবরাহ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ ছাড়া তিনি তখন বিদ্যুতের খুঁটি থেকে নীচে পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাবিবের মৃত্যুতে তিনি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরও জানান, করোনা পরিস্থিতির কারণে তার লাশ কার্যালয়ে এনে জানাজাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা করা সম্ভব হচ্ছে না।