নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ শুরুর ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি ঢাকাবাসীর কল্যাণে সবারর পরামর্শ ও সহযোগিতা নিয়ে উন্নত ঢাকা গড়ে তুলবেন বলে জানান।
শনিবার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনলাইন অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এসব বলেন ফজলে নূর তাপস।
মেয়র তাপস বর্তমান করোনা পরিস্থিতিকে সারা বিশ্বের জন্য একটি সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করে বলেছেন, জীবন ও জীবিকার মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় করতে হবে। অর্থনীতি এবং জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ লক্ষ্যে জাতীয় কমিটি গঠন করেছেন। সরকারী প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন গঠিত কমিটির সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি বলেন, করপোরেশনের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকাবাসী যেন এ চিকিৎসা পান সে বিষয়টি নিশ্চিত করা হবে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর পিক সিজনে ঢাকাবাসীকে যেন ডেঙ্গু মশার প্রকোপ নিরোধে সেবা দিতে পারি সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচনী ইশতেহারে দেয়া পাঁচ রূপরেখা বাস্তবায়নে রবিবার থেকেই কাজে নেমে পড়বেন জানিয়ে বর্তমান রূঢ় বাস্তবতার মধ্যেও তিন মাসের মধ্যে মৌলিক সেবা নগরবাসীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে করেন মেয়র শেখ ফজলে নূর তাপস ।
উন্নয়ন কাজ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে চলমান ভালো কাজের ধারাবাহিকতা চালিয়ে যাব। প্রয়োজনে আরো বেগবান করব।
তিনি করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে বলেন, গত বছরের মতো ঢাকাবাসী যেন ডেঙ্গুতে কষ্ট না পান সে জন্য এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সবার সঙ্গে পরামর্শ করে করণীয় ঠিক করা হবে।
প্রেস ব্রিফিংয়ের সময় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।