বকেয়া বেতন-ভাতার দাবিতে ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে গতকাল শনিবার সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট করেছেন চিনিকলটির শ্রমিক-কর্মচারীরা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন।
অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য দেন চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, সহসভাপতি মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবদুল বারিক, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকলের শ্রমিক কর্মচারীরা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। চিনিশিল্পকে টিকিয়ে রাখতে ঈদের আগেই তারা বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
চিনিকল-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর চিনিকলে গত ১৬ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৭৬ টন চিনি অবিক্রীত রয়েছে; যার বাজারমূল্য ১৮ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা। আর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন-ভাতার পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।