চট্টগ্রাম নগরীর টাইগারপাস ও কদমতলি এলাকার অসহায়, দরিদ্র ও শ্রমজীবী ১০০ পরিবারের মাঝে ঈদ বোনাসের টাকা দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখা।
রবিবার সকালে নগরীর টাইগারপাস এলাকায় রেলওয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, রেলওয়ে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ এস এম শহীদুল ইসলামসহ প্রমুখ।
রেলওয়ে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, করোনার বর্তমান পরিস্থিতিতে কর্মহীন দিনমজুর, শ্রমজীবী মানুষদের উর্পাজন বন্ধ। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা রেলওয়ে গোয়েন্দা পুলিশে কর্মরত সদস্যদের ঈদ বোনাসের টাকা হতে ১০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমরা চাই আমাদের স্বল্প সামর্থ্য দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে। এর আগেও আমরা রেলওয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে নগরীর ভাসমান মানুষদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছি।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার জানান, করোনার এই পরিস্থিতিতে কর্মহীন দিনমজুর, শ্রমজীবি মানুষগুলো খাবারের অভাবে রয়েছে।
এই পরিস্থিতিতে রেলওয়ে গোয়েন্দা পুলিশের এই খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। পুলিশ জনগণের বন্ধু, তাই এমন বিপদে দুর্যোগে পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।