সাভারে গত ২৪ ঘণ্টায় শিল্প পুলিশের ৭ সদস্যসহ ১৬ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। এ নিয়ে সাভারে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৯।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বিএলআরআই ল্যাবে নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়। শনিবার ৭০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, সাভারে গত শনিবার পর্যন্ত ১ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন এবং মারা গেছেন ৩ জন।
এছাড়া সাভারে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৬৬ জন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৪ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, শনিবার মোট ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে ধামরাইয়ে মোট করোনা রোগীর সংখ্যা ১৭ জন।