রবিবার রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে আরও ছয় জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় ৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে রয়েছেন- বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নাজমুন নাহার (২৬), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স রেজওয়ানা বেগম (৪৫) ও শাহীনা পারভীন (৪০), রংপুর কারুপণ্য লিমিটেডের জিএম সৈয়দ অনোয়ার হাবিব (৪৩), নগরীর রাধাবল্লভ এলাকার শমসের আলী (৫৫) এবং সিটি করপোরেশন এলাকার কুদরত ই খোদা (৪২)।
ডা. এস.এম নূরুন নবী জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ মে তারা ভর্তি হন। বর্তমানে এই ছয়জনের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।
করোনামুক্ত হয়ে বাড়ি ফেরা ওই ছয়জনকে হাসপাতালের চিকিৎসকবৃন্দ ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান ।