পাকুন্দিয়ায় দেশীয় হাইব্রিড ধানের আশানুরূপ ফলন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রি হাইব্রিড ধান-৫ ও ব্রি হাইব্রিড-৩ ধানের বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত দেশীয় প্রজাতির হাইব্রিড ধানের বাম্পার ফলনে লাভবান হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার আঙ্গিয়াদী বাগানবাড়িতে আনুষ্ঠানিকভাবে এ ধান কর্তন করেন উপজেলা কৃষি অফিসার সাইফুল হাসান আলামিন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী ব্লকে দেশীয় প্রজাতির ব্রি হাইব্রিড ধান-৫ এক বিঘা জমিতে ও ব্রি হাইব্রিড ধান-৩ এক বিঘা জমিতে পরীক্ষামূলক চাষ করা হয়েছে। ব্রি হাইব্রিড ধান-৫ বোরো মৌসুমের জাত। জাতটি জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০১৬ সালে কৃষকের মাঠে চাষাবাদের জন্য অনুমোদন লাভ করে। দেশীয়ভাবে উদ্ভাবিত বিধায় জাতটির রোগ প্রতিরোধ ও বৈরী পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা বেশি। এই জাতের ধানের অনেকগুলো উন্নত বৈশিষ্ট্য রয়েছে। উভয় মৌসুমে এই জাতটির বীজ উৎপাদন সম্ভব এবং বাণিজ্যিকভাবে লাভজনক।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল হাসান আলামিন বলেন, দেশীয় প্রজাতির এই হাইব্রিড ধানের বীজ সরবরাহ সহজলভ্য করলে কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা আসবে।