ফেনীতে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দুই দফায় একদিনে ৩১ জনের শরীরে করোনা ধরা পড়ে। ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। গত শনিবার রাতে ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ এ তথ্য জানান।
তিনি আরও বলেন, এদের মধ্যে ফেনী সদরে ৩ জন, দাগনভূঞায় ১ জন, সোনাগাজীতে ৪ জন ও ফুলগাজীতে ২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শনিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দফায় ২১ জনের ও পরের দফায় আরও ১০ জনের করোনা পজিটিভের প্রতিবেদন আসে। ফেনী স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ফেনীতে চিকিৎসকসহ এ পর্যন্ত ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরের ২২ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগভূঞায় ৯ জন, সোনাগাজীতে ৬ জন, ফুলগাজীতে ৪ জন, পরশুরামে ৪ জন এবং জেলায় বসবাসকারী আরও ৩ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।