করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে ফের বাগেরহাট পৌরশহরে ঈদ উপলক্ষে খোলা দোকানপাট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
রবিবার বিকেল থেকে এই ঘোষণা কার্যকর করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম জানিয়েছেন।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেনসহ ব্যবসায়ি নেতারা।
তবে মাছ বাজার, কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের দোকান এই ঘোষণার বাইরে থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কায় দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর গত ১০ মে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে স্থানীয় প্রশাসন বাগেরহাট শহরের সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়।
এখানকার ব্যবসায়ীরা শর্ত মেনে ব্যবসাপ্রতিষ্ঠান চালাতে না পারায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে জনসাধারণ।
স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ১০ মে বাগেরহাট পৌর শহরের ছিটকাপড়, তৈরি পোশাক, জুতা স্যান্ডেল ও প্রসাধনীর দোকান খুলে দেয়া হয়।
দিন দিন এসব দোকানে জনসাধারণের ভিড় ক্রমান্বয়ে বাড়ছিল। এতে ব্যাপক হারে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রশাসনের দেয়া শর্ত না মানায় ব্যবসায়িদের নিয়ে জরুরি সভা করে দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানান এই কর্মকর্তা।