নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণের দায়ে শহর আলীকে (২৬) আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
রবিবার বিকেলে নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত শহর আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
ভিকটিমের বাবা স্থানীয় সাংবাদিকদের জানান, কিছুদিন আগে শহর আলীর বাড়িতে মাহফিলের অনুষ্ঠান চলাকালীন আমার মেয়ে তার বাড়িতে যায়। মাহফিল শেষে বাড়ি ফেরার পথে শহর আলী পুকুর পাড়ে আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে শহর আলী দ্রুত পালিয়ে যায়।
আমি ঘরে ঢুকলে মেয়ে কান্নাকাটি করে আমাকেসহ পরিবারের অন্য সদস্যদের জানায় শহর আলী ধর্ষণ করেছে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিবেশী ও পুলিশকে জানাই। আমার মেয়ের উপর নির্যাতনকারী শহর আলীর বিচারের দাবি জানাই।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, ভিকটিমের বাবার অভিযোগে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার বিকেলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শহর আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।