নিজেদের দেশের অন্য স্টেডিয়ামের তুলনায় বড় একটি স্টেডিয়াম বানানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান সরকার। রবিবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সঙ্গে নিয়ে কলম্বোর হোমাগমায় ৪০ হাজার আসনের এই স্টেডিয়ামটি করা হবে।
শ্রীলঙ্কায় যতগুলো স্টেডিয়াম আছে তার মধ্যে অন্তত চারটি বেশ বড়। গল, ডাম্বুলা, কলম্বো এবং বন্দরনগরী হাম্বানটোটার মাঠগুলোয় ৩৫ হাজার করে মানুষ ধরে।
সরকারের দেয়া তথ্য অনুযায়ী, ২৬ একর জায়গার ওপর যে নতুন স্টেডিয়াম করা হবে, সেখানে ডে-নাইট ম্যাচ খেলার সুবিধা থাকবে। কাজ শেষ হতে লাগবে তিন বছর।
হোমাগমার ওই জায়গা ঘুরে এসে লঙ্কান বোর্ডের সভাপতি শামিমি সিলভা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘পুরো কাজ শেষ করতে হবে আমাদের ৩০ থেকে ৪০ মিলিয়ন ডলার লাগবে।’
বোর্ডের এমন কথা শুনে সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে আবার প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘মাঠ যেগুলো আছে সেখানেই আমরা ঘরোয়া প্রথম শ্রেণি কিংবা আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলি না…আরেকটি লাগবে?
এক সময় স্কুলক্রিকেটে জমজমাট থাকা শ্রীলঙ্কায় এখন আটটি আন্তর্জাতিক ভেন্যু আছে। সেগুলো যথাক্রমে ক্যান্ডি, কলম্বো, গল, ডাম্বুলা, হাম্বানটোটা, পাল্লেকেলে এবং মোরাতুয়ায়।