গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এর পক্ষে বিশ্বমানব সেবা সংঘ (বৃদ্ধাশ্রম) এ একটি ফ্রিজ উপহার দিলেন গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়।
সোমবার সকালে বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস এর কাছে ফ্রিজ হস্তান্তর করেন তিনি।
এ সময় গোপালগঞ্জ রিপোর্টাস ফোরাম এর সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
ফ্রিজ উপহার পেয়ে খুশি এখানে থাকা অসহায় বাবা-মায়েরা।
বিশ্বমানব সেবা সংঘের সেবক আশুতোষ বিশ্বাস জানান, প্রায় ২২ বছর আগে মানবিক কারণে এই বৃদ্ধাশ্রমটি গড়ে তোলেন তিনি।
এরপর থেকে নিজস্ব তহবিল ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহযোগিতা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তবে, একটি ফ্রিজের অভাবে প্রায় প্রতিদিনই রান্না করা খাবার সংরক্ষণের অভাবে নষ্ট হয়। অসহায় বাবা-মায়েদের কথা চিন্তা করে ফ্রিজ উপহার দেয়ায় ধন্যবাদ জানান তিনি।
গোপালগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নীতিশ রায় বলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইসুরে অবস্থিত এই বৃদ্ধাশ্রমে ১৮ জন অসহায় বাবা-মা থাকেন। যখন জানতে পারি, একটি ফ্রিজের অভাবে তাদের প্রতিদিনের খাবার নষ্ট হচ্ছে। তখনই গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যকে বিষয়টি জানালে তিনি একটি ফ্রি উপহার দেয়ার নির্দেশ দেন। আগামীতেও এই বৃদ্ধাশ্রমের পাশে থাকার কথা জানান তিনি।