জুলাইয়ে বাংলাদেশকে আতিথ্য দিতে ‘তৈরি’ শ্রীলঙ্কা

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে বাংলাদেশ দলের। কলম্বো, গল ও ক্যান্ডিতে খেলার কথা তিনটি টেস্ট। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

করোনার প্রকোপের মাঝেই এই সিরিজ নিয়ে আগে থেকেই আশার কথা বলে আসছিল শ্রীলঙ্কার ক্রিকেট (এসএলসি)। এখন তারা আরো জোরালোভাবেই বলছে, বাংলাদেশকে নির্ধারিত সময়েই আতিথ্য দিতে তৈরি তারা। সেই সাথে বাংলাদেশ সিরিজের আজে জুনে ভারতের বিপক্ষে সিরিজও নির্ধারিত সময়েই আয়োজন করতে চায় লঙ্কান বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘ভারত ও বাংলাদেশ, উভয় বোর্ডের কাছে আমরা জানতে চেয়েছি। তাদের উত্তরের অপেক্ষায় আছি আমরা। এখনও পর্যন্ত বলতে পারি সিরিজ দুটি স্থগিত হয়নি।’

করোনার কারণে এর আগে দুটি সিজির স্থগিত করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজ এবং চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের হোম সিরিজ স্থগিত করে শ্রীলংকা ক্রিকেট।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কাতে করোনা পরিস্থিতি বেশ ভালো বলা চলে। দুই সপ্তাহ ধরে পরিস্থিতি স্থিতিশীল থাকায় লকডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। তবে শ্রীলঙ্কা, ভারত বা বাংলাদেশ তিন দেশেই ভ্রমণ নিষেধাজ্ঞার যে নিয়ম বলবৎ আছে, সেটিও এই সিজির দুটি আয়োজনে বড় বাধা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সেই দিকটিই তুলে ধরেছেন। বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। দুই দেশের কোয়ারেন্টাইন বিধিও দেখতে হবে। ওদের সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং তাতে সব প্রসঙ্গই উঠে আসছে। ক্রিকেটারের প্রস্তুতির ব্যাপারটিও ভাবতে হবে আমাদের।’

অন্যদিকে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধামাল জানিয়েছেন, সরকারের অনুমতি না পেলে ভারতীয় বোর্ডের কিছু করার নেই। জুনের শেষদিকে ভারতের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার।