নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাদ্রাসার শিক্ষার্থী খুন হয়েছে। শেরপুরে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক কৃষক। মৌলভীবাজারের বড়লেখায় এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া মুন্সীগঞ্জে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয় নারীর এবং মাগুরার শ্রীপুরে লিচু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
নারায়ণগঞ্জ : আড়াইহাজারে জুয়া খেলার পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে মাহবুব মিয়া (১৪) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় আটক একজন পুলিশের কাছে হত্যাকা-ের দায় স্বীকার করেছে। নিহত মাহবুব হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকার আসকর আলীর ছেলে। সে মদনপুর এলাকায় অবস্থিত বন্দর মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার সকালে পুলিশ সেন্দী এলাকায় ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সৈকত হোসেন (১৮) নামে এক যুবককে তার নিজ এলাকা থেকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে একই এলাকার বিল্লালের ছেলে। হত্যাকা-ের দায় স্বীকার করে আটক সৈকত পুলিশকে জানিয়েছে, চাড়া দিয়ে জুয়া খেলার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকা-ের এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, তাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
মৌলভীবাজার : বড়লেখায় সমছ উদ্দিন (৩৪) নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদনগর (বাজারিটিলা) এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সমছ উদ্দিনের ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বড়লেখা থানার ওসি ইয়াছিনুল হক গতকাল সোমবার বলেন, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।
শেরপুর : জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন খালেদ মিয়া নামে আরেকজন। গতকাল সোমবার সকালে সদর উপজেলার ভীমগঞ্জের রঘুনাথপুর দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আক্তার মিয়াসহ তার তিন সমর্থককে আটক করেছে পুলিশ। নিহত সোহেল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।
মাগুরা : শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের একটি লিচু বাগান থেকে নুর উদ্দিন কাজী আদর (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। তিনি ওই গ্রামের মৃত কাজী ওয়াজেদ হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ : শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় গতকাল সোমবার বিকেলে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।