রাজশাহীর আত্মসমর্পণকারী ৫৭ চরমপন্থিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসে তাদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা তাদের হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক জহির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য দেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের প্রচার সম্পাদক আবদুর রাজ্জাক বাবু ওরফে আর্ট বাবু।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ৫৩৯ জনের সঙ্গে রাজশাহীর এই ৫৭ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। এরপর তারা সরকারের তরফ থেকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান পান। বর্তমান করোনা পরিস্থিতিতে রাজশাহীর ওই ৫৭ জন ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন।