কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে সকল ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে পণ্যবাহী পরিবহনসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন।
মঙ্গলবার কাঁঠালবাড়ি ঘাটে পাঁচ শতাধিক পণ্যবাহী পরিবহনসহ বিভিন্ন ছোট-বড় গাড়ি পদ্মা পাড়ি দেয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে জরুরি প্রয়োজনে এদিন সকালে একটি ফেরি চালু করা হয় শুধু সেনাবাহিনীর গাড়ি পারাপারের জন্য।
রতন নামে একটি পণ্যবাহী পরিবহনের চালক জানান, ফেরি বন্ধ করবে সেটা আগে থেকে জানানো হলে আমাদের এখন এই ঘাটে এসে সমস্যায় পড়তে হতো না। এমনিতেই রোজার দিন তারপর করোনার কারণে সকল দোকানপাট বন্ধ। আমাদের সবদিক থেকেই কষ্ট হচ্ছে। দিনে বন্ধ রাখলেও রাতে ফেরি চালু করে আমাদের পণ্যবাহী পরিবহনগুলোকে নদী পার করে দেয়া উচিত।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আ. আলীম বলেন, সোমবার থেকে এই ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীর দুই পারেই অনেক পণ্যবাহী গাড়ি ফেরির অপেক্ষায় রয়েছে।