মাছ ধরা নিয়ে বিরোধ

দুর্গাপুরে হামলায় কৃষক নিহত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিলে মাছ ধরার বাইর (বাঁশ-বেতের তৈরি ফাঁদ) পাতাকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় আবদুল জলিল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের হাতিমারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় নিহত ব্যক্তির দুই ছেলে ও ভাইসহ অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিমারাকান্দা গ্রামের হরচাপটা বিলে মাছ ধরতে ফাঁদ পাতা নিয়ে গত সোমবার সন্ধ্যায় ওই গ্রামের মিরাসউদ্দিন নামে এক যুবকের সঙ্গে শাহ আলমের ঝগড়া হয়। এর জেরে গতকাল দুপুরে শাহ আলমের বাড়ির লোকজন মিরাসের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।  দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ফোর্সসহ এলাকায় ছুটে যাই এবং ঘটনাস্থলে আছি। হাসপাতাল সূত্রে জানতে পেরেছি একজন মারা গেছেন এবং গুরুতর অবস্থায় দুজনকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।’