এই সময়ের বাংলাদেশ দলের সঙ্গে খেলতে পারলে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সঙ্গে খুব ভালো লড়াই হতো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
মঙ্গলবার তামিম ইকবালের ফেইসবুক লাইভ শো-তে ‘বিশেষ অতিথি’ ছিলেন ওয়াসিম। মূলত এদিন দেশের তিন সাবেক অধিনায়কের সঙ্গে আড্ডা ছিল তামিমের। মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট ছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের অতিথি। মাঝে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম।
বেশ খানিক সময় আড্ডা দেওয়ার পর বিদায়ের ঠিক আগে ওয়াসিম বলছিলেন, ‘এখনকার প্রজন্ম আমাকে খেলতে দেখেনি। তবে ইউটিউবকে ধন্যবাদ। যার মাধ্যমে তারা আমাকে দেখতে পাচ্ছে।’
এসময় তামিম বলেন, ‘আমি খুব ভাগ্যবান, কখনো আমাকে আপনার মুখোমুখি হতে হয়নি। আমি কখনোই আপনার মুখোমুখি হতে চাইতাম না।’
ওয়াসিম হেসে বলেন, ‘লড়াইটা খুবই জমত। বিশেষ করে করে তোমার ও সাকিবের সাথে। যেহেতু দুজনই বাঁহাতি। তাই খুবই জমত।’