বছরে মাত্র একটি সিনেমা করেন আমির খান। আবার কোনো কোনো বছরে তাও হয় নাই। ‘লাল সিং চাড্ডা’ নিয়ে দুই বছরের বেশি সময় পর পর্দায় ফেরার কথা ছিল এবারের বড়দিনে। তাও নাকি হচ্ছে না।
আনন্দবাজার পত্রিকা জানায়, করোনা পিছিয়ে দিল হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক। প্রায় ১০০ দিনের শুটিং শিডিউল সম্পন্ন করাই যেন কঠিন লড়াই। তাই পিছু হটলেন আমির খান।
সর্বশেষ খবর মতে, এ ছবির ৬০ শতাংশ শুটিং নাকি এখনো বাকি। সে হিসেবে পোস্ট-প্রোডাকশনও বাকি। সেপ্টেম্বর পর্যন্ত মুম্বাইয়ে কাজ বন্ধ। তার পরে যদি শুরুও হয়, তা-ও আমির চাইছেন না ছবিটা ক্রিসমাসে আনতে। একে তো তাড়াহুড়া করে কাজ করতে হবে, যেটা মিস্টার পারফেকশনিস্টের অপছন্দ। তা ছাড়া বড়দিনেও সিনেমা হলে স্বাভাবিক দর্শক সমাগম হবে কি-না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
এখন ‘লাল সিং চাড্ডা’ ২০২১ সালের এপ্রিলের রিলিজ করার কথা ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে আমির নিজে অবশ্য কোনো মন্তব্য করেননি।
এ সিনেমায় আমির খানের বিপরীতে আছেন কারিনা কাপুর খান। আছেন দক্ষিণের বিজয় সেতুপতিসহ ভারতের বিভিন্ন অঞ্চলের অভিনেতারা। শুটিং লোকেশনও নির্ধারিত হয়েছে পুরো ভারত জুড়ে। পরিচালনা করছেন অদ্বৈত চন্দন।
ইতিমধ্যে করোনার কারণে নির্ধারিত সময়ে মুক্তি পেতে পারেনি অক্ষয় কুমার ‘সূর্যবংশী’, রণবীর সিং-এর ‘৮৩’, অমিতাভ বচ্চনের ‘গুলাবো সিতাবো’সহ কয়েকটি সিনেমা। নির্দিষ্ট সময়ে মুক্তি পাবে না সালমান খানের ‘রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’, অক্ষয়ের ‘লক্ষী বম্ব’, রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’সহ কিছু ছবি। আবার কিছু চলে গেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে।