পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানের সতর্কবার্তা প্রচার চালানোর সময় লোন্দা খালে খেয়া নৌকা উল্টে নিখোঁজ রয়েছেন সিপির স্বেচ্ছাসেবক শাহালম মীর। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নৌকা ডুবির এ ঘটনায় তার তিন সঙ্গীকে উদ্ধার করা হলেও এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাকে।
কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, ধানখালী ৬নং ওয়ার্ড সিপিপি টিম লিডার শাহালম মীরকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
এদিকে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর এলাকায় দশ নম্বর মহাবিপদ সংকতে জারি করা হয়েছে। ৫ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস নিয়ে বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আম্পানের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে মধ্যরাত থেকে থেমে থেমে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
মাঝে মাঝে বইছে দমকা হাওয়া। (সকাল ১০টায়) স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৩-৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে বেড়িবাঁধের বাইরে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে বলে জানান কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান।
আবহাওয়া অধিদপ্তরের এমন সংবাদে আরো বেশি তৎপর হয়ে উঠেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
সকাল থেকেই প্রস্ততকৃত ৭২২টি আশ্রয় কেন্দ্রে নিম্নাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষজনকে সরিয়ে নিতে শুরু করেছে স্বেচ্ছাসেবকসহ ইউপি জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসন। পাশপাশি জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।