বিক্রি হওয়া সাকিব-মুশফিকদের ব্যাট ফেরত আনতে চায় বিসিবি

নিলামে বিক্রি হওয়া সাকিব আল হাসানের বিশ্বকাপ মাতানো ব্যাট ও মুশফিকুর রহিমের দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়া ব্যাট ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে এমন ভাবনার কথা জানিয়েছেন।

করোনাকালে অসহায়দের সহায়তার জন্য অর্থ সংগ্রহে নিজেদের প্রিয় স্মারক নিলামে বিক্রি করেছেন বেশ কিছু ক্রিকেটার। সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তোলেন, যা বিক্রি হয় ২০ লাখ টাকায়। মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট বিক্রি হয় ১৭ লাখ টাকায়।

সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আকবর আলীও তাদের স্মারক নিলামে বিক্রি করেছেন। মাশরাফী বিন মোর্ত্তজা তার এক ব্রেসলেট নিলামে তোলেন, যেটি বিক্রি হয় ৪২ লাখ টাকায়। তবে যারা সেই ব্রেসলেটটি কিনে নেয়, তারা মাশরাফীকেই সেটি উপহার দিয়েছে।

সাকিব, মুশফিকের ব্যাট যেহেতু ইতিহাসের সঙ্গে জড়িত, তাই বিসিবি স্মারক দুটি নিজেদের কাছে রাখতে চায়। এদিন জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক হাজার ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এ সময় সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘উদ্যোগ নেব তো অবশ্যই। সবসময়ই ইচ্ছে ছিল। এখন এখানে তো আমরা নিলামে অংশ পারি না। পরে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।’