ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে শিমুল খানের নতুন মিউজিক ভিডিও ‘বহে বারো মাস’।
গানটি করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগেই রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি। পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভিডিও ধারণ করা হয়েছে। শিগগিরই উৎসব টেলিফিল্মের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘বহে বারো মাস’।
শিমুল খান দেশ রূপান্তরকে বলেন, “এটি বহুল পরিচিত ঝুমুর গান। নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছি। সংগীতায়োজন করেছেন বিপ্লব বড়ুয়া। নিউইয়র্কে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন সরদার ইকবাল। ভিডিওটি পরিচালনা করছেন সারোয়ার জাহান সিদ্দিক। আশা করছি নতুন রূপে গানটি সবার ভালো লাগবে।”
প্রখ্যাত লোকসংগীত শিল্পী দিলরুবা খানের মেয়ে শিমুল খান মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত আছেন অনেক বছর। সংগীত জগতেও নিজের আসনটি পাকা করে নিয়েছেন তিনি। প্রকাশ হয়েছে তার বেশ কয়েকটি একক ও যৌথ অ্যালবাম। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন শিমুল। সেখানে বিভিন্ন শহরে স্টেজ শো’তে নিয়মিত গান করেন এই শিল্পী।