যুব পাইকারিসেল ডটকম উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব উদ্যোক্তাদের অনলাইন মার্কেটিং ওয়েবসাইট যুব পাইকারিসেল ডটকম এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম পি। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই ওয়েবসাইট উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আজকের এ ক্ষণটি দেশের সকল যুব উদ্যোক্তাদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। যুব পাইকারিসেল ডটকম যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিত এবং ট্রেডিং এর দুর্ভোগ কমানোর একটি যথাযথ প্লাটফর্ম হতে যাচ্ছে।

মন্ত্রী আরো বলেন, এটির মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের দেশের মানুষের কল্যাণে কাজ করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমি যুব উন্নয়ন অধিদপ্তরকে ধন্যবাদ জানাই যুবদের উন্নয়নে এমন একটি সৃজনশীল উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের জন্য।

এ প্ল্যাটফর্ম ব্যবহার করে যুব উদ্যোক্তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ফলমূল, শাক-শবজি বিভিন্ন জেলায় ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে আম লিচু দিয়ে সামাজিক ব্যবসাটি শুরু হবে।

অনুষ্ঠানে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।