নীলফামারীতে দুই র‌্যাব সদস্যসহ ৭ জনের করোনা

নীলফামারীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই সদস্যসহ জেলায় নতুন সাতজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৭১।

গত বুধবার নতুন শনাক্ত হওয়াদের মধ্যে জেলা সদরের র‌্যাব ক্যাম্পের দুই সদস্যসহ চারজন, কিশোরগঞ্জ উপজেলায় দুজন এবং ডোমার উপজেলায় একজন নারী রয়েছেন বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ।

এদিকে দুই সদস্যের করোনা শনাক্ত হওয়ায় জেলায় চলমান কার্যক্রম বন্ধ করে ক্যাম্পের ভেতরে নিজেদের  অবরুদ্ধ করে রেখেছেন র‌্যাব সদস্যরা বলে জানিয়েছেন র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার  মো. আবুল কালাম আজাদ।

নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন বলেন, ১৭ মে নীলফামারী র‌্যাব ক্যাম্পের দুই সদস্যসহ মোট আটজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার আসা ফলাফলে চারজনের দেহে করোনা ধরা পড়ে। এদের মধ্যে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের দুই সদস্য, খোকশাবাড়ি ইউনিয়নে ঢাকাফেরত ২৮ বছর বয়সী এক নারী এবং লক্ষ্মীচাপ ইউনিয়নের ২০ বছর বয়সী এক যুবক রয়েছেন।