লকডাউন: রাস্তায় পড়ে থাকা মরা কুকুরের মাংস ভক্ষণ (ভিডিও)

প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে ঘোষিত লকডাউনে বিপর্যয়কর পরিস্থিতিতে পড়েছে ভারত ও বাংলাদেশের শ্রমিকরা যারা নিজ এলাকার বাইরে কাজ করতেন। বিপাকে পড়েছেন গরিব মানুষরাও।

কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শত শত মাইল হেঁটে অনেক শ্রমিক মারা গেছেন। কেউ আবার ট্রাকে চেপে বাড়ি ফিরতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ত্রাণের আসায় অনেক দরিদ্র মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।

তবে এবার যে চিত্র সামনে আসলো তা এক কথায় অবর্ণনীয়। খিদের জ্বালায় প্রকাশ্য রাস্তায় বসে এক ব্যক্তি মরা কুকুরের মাংস খাচ্ছেন! এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই সময় জানায়, ঘটনাটি ঘটেছে ভারতের জয়পুরের কাছে দিল্লি-জয়পুর মহাসড়কের ওপরে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মহাসড়কের ওপরে বসে আছেন এক ব্যক্তি। তার সামনে পড়ে আছে একটি মরা কুকুর। আর সেই মরা কুকুরের শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে।

বেশ কিছুক্ষণ চলে সেই দৃশ্য। তবে একটু পরে একজন একটি গাড়ি থেকে নেমে এসে ওই ব্যক্তিকে একটি খাবারের প্যাকেট ও পানির বোতল দিয়ে যান।

ঘটনাটি সামনে আসতেই ফের শোরগোল পড়ে যায় সামাজিক মাধ্যমে। অভিবাসী শ্রমিক আর গরিব মানুষের জন্য পরিকল্পনা না করেই কি লকডাউন দেওয়া হয়েছে?

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ৬০ বছর বয়সী এক পরিযায়ী শ্রমিক না খেতে পেয়ে মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র থেকে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে উত্তরপ্রদেশে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করেছিলেন ওই শ্রমিক। তিন দিন ধরে টানা হেঁটেই গিয়েছেন। কিন্তু জোটেনি কোনো খাবার।