শিশুদের পাশে দাঁড়িয়েছেন তরুণ গায়ক স্বপ্নীল সজীব। মহামারীর এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুরা যেন আনন্দবঞ্চিত না হয়, সে জন্য তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। উপহার দেওয়া ও সময় কাটানোর পাশাপাশি তিনি নিজের একটি গানেরও সঙ্গী করে নিয়েছেন এই শিশুদের।
স্বপ্নীল জানালেন, শিল্পীর দায়বদ্ধতা থেকে তিনি এ কাজটি করেছেন। কারণ এই ঈদ বাঙালি তথা বিশ্বের সব মুসলমানের জীবনের একটি বেদনাদায়ক ঈদ। কিন্তু শিশুরা দুঃখ-বেদনা বোঝে না। এই ঈদে তাদের মুখে কিছুটা হাসি ফোটাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সজীব। এটি দেখে যদি অন্যরাও যার যার জায়গা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের দিকে এগিয়ে আসে, সেটাই হবে তার সার্থকতা। তিনি বলেন, আমি অনেক দিন ধরেই সুবিধাবঞ্চিত শিশুদের গান শেখাই। ভাবলাম এবার আমার এলাকার আশপাশের সুবিধাবঞ্চিত কজন শিশুকে নতুন পোশাক উপহার দিয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কিছু অংশ দিয়ে নির্মাণ করা হয়েছে আমার নতুন ‘আনন্দের গান’-এর একটি ভিডিও। আমার গাওয়া এই গানের সুবাদে ওই শিশুদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিটুকুও ধরে রাখা গেল।