সোনাগাজীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়নের বাদাদিয়া গ্রামের আহমদ মাস্টারের বাড়িতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এ দিন দুপুরে রেজাউল হকের নাতি নাহিদ (৮) ও মো. ইলিয়াছের ছেলে ইরফান (৮) নামে দুই শিশু কাউকে না জানিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. উৎপল দাস বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, স্বজনদের কাছে শিশু দুটির লাশ হস্তান্তরের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।