কোহলির বদলে রোহিতকে টি-টোয়েন্টির অধিনায়ক দাবি

বিরাট কোহলির পরিবর্তে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে চান দেশটির সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন।

তিন ফরম্যাটেই এখন ভারতের নেতৃত্ব কোহলির কাঁধে। তাই তার ওপর চাপ কমাতেই এমন মত ওয়াসনের।

একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসন বলেন, ‘কোহলির ওপর থেকে চাপ কমানোর দিকে লক্ষ্য রাখা উচিত। কারণ কোহলির ওপরে প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে। আমার মনে হয়, তিন ফরম্যাটেই নেতৃত্ব দিতে চাইবে কোহলি। কিন্তু রোহিতকেও অধিনায়কত্ব দেওয়া হোক।’

কোহলির অনুপস্থিতিতে রোহিত শর্মাই নেতৃত্ব দেন ভারতকে। এ ছাড়া আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবেও সফল তিনি।

রোহিতের প্রশংসা করে ওয়াসন বলেন, ‘রোহিত ভাল অধিনায়ক। সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। মু্ম্বাই ইন্ডিয়ান্সের হয়েও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছে। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিতকে অধিনায়ক করার কথা ভাবা যেতেই পারে।’

তিনি যোগ করে বলেন, ‘টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে বরং দলকে নেতৃত্ব দিক কোহলি।’