মাটির নিচে সোনার খনিতেও করোনার হানা

দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে এমপোনেং এক খনির শ্রমিকেরা আক্রান্ত হয়েছেন কভিড-১৯ রোগে।

জি নিউজ জানায়, বিশ্বের গভীরতম সোনার খনি হিসেবে ধরা হয় এটিকে। দেশটিতে লকডাউন ঘোষণার পর থেকেই সেখানে খনন কাজ প্রায় বন্ধ ছিল। এরপরেও সীমিত আকারে কাজ চলছিল খনিটিতে।

লকডাউন শিথিল হওয়ার পর ৫০ শতাংশ শ্রমিককে কাজে ফেরানো হয়েছিল। গত সপ্তাহে খনিটিতে প্রথম এক শ্রমিক করোনায় আক্রান্ত হয়। 

এরপর ১৬৪ জন শ্রমিকের দেহে করোনা ভাইরাস ধরা পড়ে, যদিও তাদের দেহে কোনো ধরনের উপসর্গ ছিল না। শ্রমিকদের আইসোলেশনে পাঠানো হয়েছে। 

কন্ট্যাক্ট ট্রেসিংয়ের জন্য খনন কাজ আপাতত বন্ধ। খনির ভিতরে জীবাণুনাশক ছিটানো হয়েছে। 

এর আগে দক্ষিণ আফ্রিকার একটি প্ল্যাটিনাম খনিতে প্রথম এক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর সোনার খনিতে করোনার সংক্রমণ ঘটল।  

এদিকে দক্ষিণ আফ্রিকায় উদ্বেগজনকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ২২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৪২৯ জন।